গুগল ম্যাপকে আরও নির্ভুল, তথ্যসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করে তুলতে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার তরুণ প্রযুক্তিপ্রেমী নাসিম মিয়া জয়। তার এই অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গুগল ম্যাপভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডসের আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি।
আগামী ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে আমন্ত্রণভিত্তিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নির্বাচিত ও অভিজ্ঞ লোকাল গাইডরা অংশ নেবেন। বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে সম্মেলনে দেশের ডিজিটাল ম্যাপিংয়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরবেন নাসিম মিয়া জয়।
নাসিম মিয়া জয়ের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি গুগল ম্যাপে নতুন স্থান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সংযোজন, ভুল তথ্য সংশোধন, ছবি ও পর্যালোচনা যুক্ত করা এবং অ্যাক্সেসিবিলিটি-সংক্রান্ত তথ্য হালনাগাদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। দেশের বিভিন্ন প্রান্তে মানসম্মত ডিজিটাল ম্যাপিংয়ে নতুন স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতেও তিনি ভূমিকা রাখছেন।
সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্থানীয় পর্যায়ের ম্যাপিং-সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুগলের সংশ্লিষ্ট দলের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞ লোকাল গাইডদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।
সিঙ্গাপুর সফর প্রসঙ্গে নাসিম মিয়া জয় বলেন, গুগলের এই আমন্ত্রণ আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও একটি বড় স্বীকৃতি। আমি চাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পর্যটনকেন্দ্র, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং জনসেবামূলক স্থানগুলো গুগল ম্যাপে আরও নির্ভুলভাবে উঠে আসুক। সম্মেলনে দেশের বাস্তব অভিজ্ঞতা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো গুগলের সংশ্লিষ্ট দলের সামনে তুলে ধরব।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডদের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে সেই জ্ঞান বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির সঙ্গে ভাগ করে নিতে চাই। সঠিক ও হালনাগাদ ডিজিটাল মানচিত্র শুধু পথ খুঁজে পাওয়ার জন্য নয়, বরং পর্যটন, ব্যবসা, জরুরি সেবা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে আরও সমৃদ্ধভাবে বিশ্বদরবারে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পাওয়া ছয়জন লোকাল গাইডের একজন নাসিম মিয়া জয়। অন্যরা হলেন শফিউল বাশার, মোহাম্মদ পলাশ, গাজী সালাউদ্দিন, খোকন সরকার ও ফারহানা আক্তার রুপা।
গুগল লোকাল গাইডসের ‘কানেক্ট লাইভ’ একটি আমন্ত্রণভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত স্বেচ্ছাসেবীরা এতে অংশ নিয়ে গুগল ম্যাপের উন্নয়ন, নতুন প্রযুক্তি, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং স্থানীয় বাস্তব সমস্যাগুলো নিয়ে গুগলের সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করেন। এবারের সম্মেলনে সিঙ্গাপুরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৫ জনের বেশি নির্বাচিত লোকাল গাইড অংশ নেবেন। বাংলাদেশের প্রতিনিধিদের এই অংশগ্রহণকে দেশের ডিজিটাল ম্যাপিং ব্যবস্থার আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণদের সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : বাংলা পোস্ট।







