ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, যুবদলকে আরও পরিশ্রমী, শক্তিশালী ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
মাদক সমাজকে ধ্বংস করে, তাই যুবসমাজকে চাঁদাবাজ ও মাদক থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবদল দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ এমদাদুল হক এমদাদ ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সারোয়ার আলম।
সভায় বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি ও আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিহার্য।
সমাবেশ শেষে এমপি আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কান্দিপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।







