ডেঙ্গু রোগ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি আজ হালুয়াঘাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, পদযাত্রা, মানববন্ধন ,লিফলেট বিতরণ, সতর্কতামূলক ব্রিফিং এবং মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে পদযাত্রায় নেতৃত্ব দেন এবং মানববন্ধনে বক্তব্য রাখেন।
দুপুরে হালুয়াঘাট মহিলা মার্কেট প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরু বাজার মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স।পরে তিনি হালুয়াঘাট বাজারে লিফলেট বিতরণ করেন। এর আগে ও পরে রেডক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সতর্কতামূলক ব্রিফিং, লিফলেট বিতরণ ও মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলার ১৪ টি উপজেলায় ১২ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।







