দশ জনের দল নিয়েও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতল তারা।
ম্যাচের প্রথমার্ধে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। বিরতির পর ম্যাচে নাটকীয়তা যোগ হয়। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গোড়ালিতে অনিচ্ছাকৃতভাবে পা পড়ে যাওয়ায় সরাসরি লাল কার্ড দেখানো হয় বালোগানকে। যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা সিদ্ধান্তের প্রতিবাদ করলেও রেফারি তার সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে বলের দখল বাড়ালেও যুক্তরাষ্ট্রের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে পারেনি বসনিয়া। উল্টো পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রই ছিল বেশি কার্যকর।
ম্যাচের ৮২তম মিনিটে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। তার গোলেই যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়।
যোগ করা ১০ মিনিটে বসনিয়া চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র।
এই জয়ের মধ্য দিয়ে মাউরিসিও পোচেত্তিনোর দলের দুর্দান্ত অগ্রযাত্রা অব্যাহত থাকল। বৃহস্পতিবারের জয়ে শেষ ১৬-তে ওঠা যুক্তরাষ্ট্র আগামী ৭ জুলাই মুখোমুখি হবে বেলজিয়ামের। তবে এই ম্যাচে লাল কার্ড পাওয়ায় সেই ম্যাচে খেলতে পারবেন না ফরোয়ার্ড ফোলারিন বালোগান।






