ময়মনসিংহে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ম্যারাথন প্রতিযোগিতা। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ম্যারাথনের সাথে ময়মনসিংহের ব্রান্ডিংয়ের লক্ষ্যে এর টাইটেল রাখা হয়েছে ‘মহুয়া ম্যারাথন’। ময়মনসিংহ ট্রাইএথলেটস আযোজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।

ম্যারাথন অনুষ্ঠানটি সুষ্ঠভাবে আযোজনের লক্ষ্যে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা। সোমবার সকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয় ৬টি ক্যাটাগরিতে দেশী বিদেশী এক হাজার ২০ জন এথলেটদের অংশগ্রহনে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। সাধারণ এথলেটদের পাশাপাশি এতে নারী, শিশু ও হিইল চেয়ারেও আলাদা ভাবে অংশ নেয়া যাবে।
প্রতিযোগীতায় সবচেয়ে বড় ইভেন্টটি হবে ৪২ কিলোমিটার লম্বা। এছাড়া হাফ ম্যারাথন হবে ২১ লম্বা দূরত্বে। আরেকটি ইভেন্ট হবে ১০ কিলোমিটার দূরত্বের। নারীদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দূরত্বের মাঝে ম্যারাথন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, তরুন যুবকদের স্বাস্থ্য সচেতন করতে এবং মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর ও জেলার ব্রান্ডিংয়ে এই ‘মহুয়া ম্যারাথন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ময়মনসিংহ নগরীকে একটি সুস্থ, সুন্দর ও আন্তর্জাতিক ক্রীড়া পর্যটনের শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগর ভবনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ময়মনসিংহ ট্রাই এথলেট এর সভাপতি ও ‘মহুয়া ম্যারাথন’ এর রেস ডিরেক্টর তুহিন তালুকদার জানান, মহুয়া ম্যারাথন একটি আন্তর্জাতিক ম্যারাথন এসোসিয়েশনের সার্টিফাইড ইভেন্ট। মৈমনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম মহুয়া যা মধ্যযুগের প্রধান সাহিত্য। এটি তৎকালীন সৌরভ পত্রিকায় প্রকাশের মাধ্যমে বিশ্ববাসী লোকায়ত সাহিত্যের সন্ধান লাভ করে। সেই গৌরবগাঁথার কথা তুলে ধরতেই এই ইভেন্টটির নামকরন ‘মহুয়া ম্যারাথন’ করা হয়েছে। শীঘ্রই বিদেশ থেকে আন্তর্জাতিক এথলেট এসোসিয়েশনের সদস্যরা ময়মনসিংহে আসেবন এবং স্থানীয় আয়োজক ও সিটি প্রশাসকের সনমন্বয়ে তারা সার্বিক দিক বিবেচনা করে ম্যারাথন প্রতিযোগীতার রুট নির্ধারণসহ প্রারম্ভিক ও গন্তব্য স্থান চূড়ান্ত করবেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ম্যারাথন দৌড়ে ট্রায়াথলন প্রতিযোগীতার ব্যবস্থাও থাকবে। এছাড়া তিন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে কীট কার্নিভাল, চিলড্রেন কার্নিভাল ও ফোক কার্নিভাল অনুষ্ঠিত হবে। ফোক কার্নিভালে মহুয়া মলুয়ার চিত্রনাট্য প্রদর্শনের আয়োজন থাকবে। শেষ দিনে ম্যারাথন আয়োজনের পর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হবে। সাধারণ এথলেটদের পাশাপাশি ৫০ উর্ধ্ব ভেটেরান এথলেটদের বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া ‘মহুয়া ম্যারাথনে’ অংশ নিয়ে নির্ধারিত সময়ে দৌড় শেষ করা সকল প্রতিযোগীর জন্য একটি মেডেল ও ফিনিশার সার্টিফিকেট এর ব্যবস্থা থাকবে।





-400x300.jpg&w=3840&q=75)

