ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের এক দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার ঝোপের মধ্যে তার গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে আবদুর রহমান বলেন, প্রতিবেশী আজিজুল হক ও তার স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে ডিক্রি হয়েছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন তার বাবাকে হত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







