ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ধোবাউড়ার মুখ উজ্জ্বল করা নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার বিকেলে ধোবাউড়ার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, ফুল ও আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “এই অর্জন শুধু একটি ট্রফি জয় নয়, এটি ধোবাউড়ার নারী ফুটবলারদের প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন। কলসিন্দুরের নারী ফুটবলাররা দেশে-বিদেশে সাফল্যের সঙ্গে খেলায় বিজয় ছিনিয়ে আনছেন। এজন্য ধোবাউড়াবাসী গর্বিত।”
তিনি বলেন, ২০২৫ সালে সাফ উইমেন্স টুর্নামেন্টে বিজয়ী বাংলাদেশ দলের কলসিন্দুরের নারী ফুটবলারদের সাফল্যে নিজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সময় ধোবাউড়ায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
-1.jpeg)
প্রিন্স আরও বলেন, প্রত্যন্ত এলাকার মেয়েদের এমন সাফল্য প্রমাণ করে সুযোগ ও সহযোগিতা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। নারী ফুটবলারদের খেলাধুলায় এগিয়ে নিতে স্থানীয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, কলসিন্দুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গামারিতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস সহিদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুলআমিন, কোচ জুয়েল মিয়াসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।


.jpeg&w=3840&q=75)




