কৃষি গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে কাজে লাগাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বাকৃবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, গবেষণার বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত জরুরি, তবে এই সমন্বয়ে এখনো কিছুটা দূরত্ব রয়েছে। আগামী এক বছরের মধ্যে আইকিউএসির মাধ্যমে সেই দূরত্ব পূরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, এই কর্মশালার মূল চারটি উদ্দেশ্য — একাডেমিক ও শিল্পপ্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম নিয়মিত আপডেট করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, বর্তমান সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট বরাদ্দ করেছে, যা আগামী বছর ৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হবে বলেও তিনি জানান। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা রয়েছে, যা গবেষণাকাজে উন্মুক্ত বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে নিয়ে যেতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অপরিহার্য। একসঙ্গে সমন্বয় না হলে কোনো প্রযুক্তিই কার্যকর হয় না।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা হয়। এতে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ এবং কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন।
আরও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. আহসান কবীর জানান, বর্তমানে দেশ ও বিদেশের মোট ৬১১টি প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির সমঝোতা স্মারক রয়েছে।







