ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক পর্যালোচনা সভা করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ| এ সময় তিনি এসব উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান সংশ্লিষ্টদের|
বুধবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই পর্যালোচনা সভা করেন এই সংসদ সদস্য|
সভায় এমপি ওয়াহাব আকন্দ বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ সদর আসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী দেশের জবাবদিহিমূলক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ| দেশের উন্নয়নের প্রশ্নে তিনি বিরোধী দলের সঙ্গে কোন ধরনের বৈষম্য সৃষ্টি না করে রাজনীতিতে এক অন্যন্য নজির প্রতিষ্ঠা করেছেন| তবে তিনি প্রতিটি উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান| এজন্য সরকারের উন্নয়ন কর্মকান্ডে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে|
এসময় সদর আসনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে আরো জানান, ইতিমধ্যে ৩টি ধাপে সদর উপজেলার ১৬৬টি মসজিদ মাদরাসার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে| ৯৮টি রাস্তার কাজ বর্তমানে বাস্তবায়নাধীন এবং চলমান| ৬টি স্কুল, মাদরাসা এবং ঈদগাহ মাঠের মাটি ভরাটের কাজ চলমান আছে, ৬টি মন্দিরের উন্নয়ন কাজে দেওয়া হয়েছে বরাদ্দ| এছাড়াও প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে|
সভায় মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, বিএনপি নেতা রফিকুল আলম শামীম, জামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|





