ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গয়েশপুর জিসি-বাইরহাটি জিসি সড়কের এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা মাহাফুজ প্রমূখ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে গয়েশপুর জিসি- বাইরহাটি জিসি সড়কের ৭ হাজার ৬২০ মিটার থেকে ১৩ হাজার ৫০০ মিটার চেইনেজ পর্যন্ত অংশের উন্নয়ন কাজ করা হবে। এতে প্রায় ৬ কি.মি. সড়ক সংস্কার ও প্রশস্তকরণ করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এ অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যাতায়াত ও পণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে।
তাই গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার ও প্রশস্ত করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
একই সঙ্গে দক্ষিণ গফরগাঁওয়ের সামগ্রিক যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।







