ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই শিশুসহ অটোরিকশার সাতজন যাত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নান্দাইল উপজেলার চৌরাস্তা থেকে ৭ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ভাটিসাভার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রফিকুল ইসলাম মারা যান। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।
এসময় আহত হন নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম, দশালিয়া গ্রামের হৃদয় মিয়া, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া ও তার শিশুপুত্র আলভি, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগদা ইউনিয়নের মোস্তফার পুত্র ইমন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার পুত্র ইব্রাহিম।







