বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক দৃষ্টিভঙ্গী অনুস্মরণ ও ধারণ করার আহ্বান জানিয়ে বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক রাজনীতি এবং কর্ম পরিকল্পনা অনন্য নজির স্থাপন করেছে ।
তিনি আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয় ।
সভায় প্রিন্স বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগড় হিসেবে আবির্ভূত হয়েছেন। জনপ্রত্যাশা পূরণে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এ যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তাঁকে সহযোগিতা করা নেতাকর্মীদের জন্য একান্ত অপরিহার্য্য ও বাধ্যতামূলক দায়িত্ব ।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।

তিনি নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, "বিএনপি বা অংগসংগঠনের কোনো নেতা বা কর্মী যদি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন, তবে তিনি যত বড় নেতা বা যত জনপ্রিয় বা ত্যাগীই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রক্ষা করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি এ বিষয়ে আরও কঠোর হবার আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও আলোকিত হালুয়াঘাট গড়ে তোলার কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবো। এ লক্ষ্যে অচিরেই ধুরাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী, পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতাকর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করা হবে। একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত করা হবে।
সভায় তিনি নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগত বিরোধ ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা পারিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এম আর আল আমিন, পৌর ছাত্র দলের আহবায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ, সারোয়ার জাহান, আবুল কালাম আজাদ, শহিদুল্লাহ মাষ্টার, গোলাম মোস্তফা, মঞ্জুরুল হক মঞ্জু, এমদাদ হোসেন, মওলানা আমিনুল ইসলাম প্র্রমুখ বক্তব্য রাখেন।






