হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সীমান্ত বাণিজ্য হালুয়াঘাটের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই বাণিজ্যকে গতিশীল করতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, প্রশাসনিক জটিলতা নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। তিনি বলেন, হালুয়াঘাটে সীমান্ত বানিজ্য শুধু হালুয়াঘাটে নয়, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। সীমান্ত বানিজ্য সম্প্রসারণ ও গতিশীল করতে হবে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার স্বার্থে। তিনি বলেন, ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে রেখে সীমান্ত অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। আমরা চাই, হালুয়াঘাট একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যেখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার সন্ধ্যায় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, সাংগঠনিক কার্যক্রম, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা রয়েছে। কখনো আমদানিতে অনিশ্চয়তা, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো প্রশাসনিক জটিলতা, কখনো এলসি সমস্যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব পড়ছে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবারের জীবিকায়। তিনি বলেন, শুধু মাত্র কয়লা আমদানি নয়, অন্যান্য পণ্য আমদানি এবং একই সাথে হালুয়াঘাট থেকে ভারতে বিভিন্ন পণ্য রফতানির উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি ভারতীয় কয়লা রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়লা আমদানিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে। হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব।
ব্যবসায়ী সংগঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। এখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ীর সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সংগঠনকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল সদস্যের স্বার্থরক্ষায় কাজ করতে হবে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ শুধু আমদানিকারক-রপ্তানিকারকদের লাভবান করবে না, বরং পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সভায় তিনি হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থরক্ষা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির সহসভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম মহাসচিব আ.স.ম. খালিদ ইকবাল নিটোল , অর্থসচিব মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রমবিষয়ক সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামন, ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. শাহাওয়াত হোসেন মল্লিক ও অপু সরকার উপস্থিত ছিলেন।








