'শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি' এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে| সোমবার (২৯ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান| সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান|

জেলা প্রশাসক বলেন, “আমরা একটি শিশু-বান্ধব ও ˆবষম্যহীন বাংলাদেশ গড়তে চাই| ২০১০ সালের শিশুশ্রম নিরসন নীতিমালা অনুযায়ী ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োগ করা আইনত দণ্ডনীয় অপরাধ| কিন্তু আইন দিয়েই শুধু শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়| এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক সচ্ছলতা|” তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি - আমাদের আশপাশে কোনো শিশু হোটেল-রেস্তোরাঁ, ওয়ার্কশপ বা ঝুঁকিপূর্ণ কলকারখানায় কাজ করবে না| প্রতিটি শিশু স্কুলে যাবে, খেলবে এবং নিরাপদ শৈশব উপভোগ করবে| সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে|”
সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা| যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে| শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে| এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে|
তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়| একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে|
অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহের উপমহাপরিদর্শক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রমিক নেতা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
বক্তারা শিশুশ্রমের কুফল তুলে ধরে বলেন, শিশুশ্রম শুধু শিশুর শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, এটি দেশের মানবসম্পদ উন্নয়নের পথেও অন্তরায়| তাই কারখানা মালিক, ব্যবসায়ী ও অভিভাবকদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে|
এর আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়| র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে|






