ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের প্রতিকৃতিতে আগুন দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে অনশন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে শহীদ সাগর চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অপুর্ব নামে একজনকে আটক করছে পুলিশ।

অনশনরত নেতারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভে হামলার ঘটনা শুধু একটি স্থাপনায় অগ্নিসংযোগ নয়, বরং জুলাইয়ের আন্দোলনকারী ও নেতৃত্বদানকারীদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, গত রাত প্রায় দুইটার দিকে তারা জানতে পারেন, ময়মনসিংহের জুলাই অভ্যুত্থানের একমাত্র শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ ও সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি সংবেদনশীল স্থানে হামলার ঘটনা প্রমাণ করে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, যারা এই স্মৃতিস্তম্ভে হামলা করেছে, তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা অনশন করছি। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমাদের অনশন অব্যাহত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
মঞ্জু আরও অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বিভিন্ন রাজনৈতিক মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তার দাবি, ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অনশন চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্যসচিব খলিলুর রহমান বলেন, শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জড়িত বলে তারা মনে করেন। তার অভিযোগ, ডিসেম্বরকে ঘিরে পরিকল্পিতভাবে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর এমন একটি সংবেদনশীল স্থানে হামলার সাহস দেখানো সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে প্রশাসনিক কাঠামো সংস্কার না করা।

খলিলুর রহমানের অভিযোগ, বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালন করা আমলাদের দিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। এসব আমলা সরকারকে যথাযথ সহযোগিতা করছেন না। গণঅভ্যুত্থানের পর প্রশাসন সংস্কারের বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অবহিত করলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছেন অনশনরত নেতারা।








