তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে পরিবেশবান্ধব হতে হবে। শুধু মেধা দিয়ে জিপিএ-৫ পেলেই চলবে না বরং শিক্ষার্থীদের প্রকৃত মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে।

শনিবার দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জিপিএ-৫ কেবল একটি চাবি, সামনের জীবনের আরও অনেক বড় বড় সফলতা ও সম্ভাবনার দরজা খোলার বাকি রয়েছে। শিক্ষার্থীদের অহংকার পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেকে কখনো অহমিকায় ভাসিয়ে দেওয়া যাবে না, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি পিতা-মাতাকে সন্তানদের পাশে থেকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেওয়া এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার শিক্ষা দেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শনিবার (১৫ আগস্ট) তিনি চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

নান্দাইল উপজেলা হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে দুটি করে গাছের চারা উপহার তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে পরিবেশবান্ধব হতে হবে। কারন তোমরাই আগামী দিনের ভবিষ্যত।

পরে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন এবং সীমানা প্রাচীর (বাউন্ডারি) নির্মাণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

তিনি নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের সড়ক ও জনপথ বিভাগীয় রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা আরসিসি-করণ কাজের শুভ উদ্বোধন করেন এবং বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম ও স্থানীয় কওমী মাদ্রাসার পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসুচীতে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ স্থানীয় সুধীজন ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







