ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা তিন এ দাড়ালো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
শনিবার (৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুর নগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো-নেত্রকোনা সদর উপজেলার বটতলা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে ইকবাল হাসান রানা (২৫), হারুন অর রশিদ (২০) ও একই উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির (৩০)।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পিকআপটি কয়েকজন পোষাককর্মী নিয়ে নেত্রকোনা থেকে কানুরামপুর-ত্রিশাল সড়ক দিয়ে গাজিপুর যাচ্ছিল। এসময় বাহাদুর নগর এলাকায় পোঁছতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হাসান রানা ও হারুন অর রশিদ মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।








