ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় মৈত্রী টাওয়ারের পাশে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে হতাহতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।






