ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন।
সিটি প্রশাসক বলেন, আগামী অর্থ বছরের মোট বাজেটের রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এছাড়াও ২০২৫-২০২৬ সালের সংশোধিত বাজেট ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১লাখ টাকা।

সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহ নগরীতে আসে এবং অব্যাহতভাবে নগরীতে জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ময়মনসিংহ শহর এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান বা বানিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।
সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত করে কর ধার্য করা হবে। এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না।
তিনি বলেন, ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিস্কার করা হয়েছে। নগরবাসী আকুয়া খাল, গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছে। সেই খালে এখন পানির স্রোত বহমান। তিনি বলেন, এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলজট দেখেছেন কিন্তু জলাবদ্ধতা দেখতে পাননি। নগরীর ড্রেন ও খাল পরিস্কার করার জন্য সাড়ে পাঁচ শত লোক নিয়োগ করেছি। বস্তির উন্নয়নে কাজ করছি। তিনি আরও বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কাজের সীমাবদ্ধতাও আছে। সরকারের নির্দেশনার বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। তিনি বলেন, নগরটা আমাদের- একথা মনে রেখেই বাসিন্দাদের পরিস্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সিটি প্রশাসক আরও বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, এখন টিভির ব্যুরো প্রধান হারুনুর রশিদ, স্টার নিউজের ব্যুরো প্রধান সাদিকুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





