মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। আজ সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpeg)
প্রেস ব্রিফিংয়ে সচিব জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১ লাখ ৯ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।

তিনি জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যাা মাত্র ৪ টি। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।
.jpeg)
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনা জেলায়। এ জেলায় পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। ময়মনসিংহ জেলায় ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।







