বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ময়মনসিংহের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, পরিবেশ সংরক্ষণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
তিনি বলেন, টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ভারসাম্য, সুশাসন এবং মানবিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।

রোববার ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত "ময়মনসিংহের টেকসই উন্নয়ন ঃ যুব সমাজের ভূমিকা , চেলেঞ্জ , সম্ভাবনা “ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ময়মনসিংহ কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চল। কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকরির প্রত্যাশী হওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় সামাজিক সচেতনতা গড়ে তুলে অপরাধ প্রতিরোধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একজন মানুষের চরিত্র গঠনের প্রথম বিদ্যালয় হলো পরিবার। পরিবার থেকেই সন্তান সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা লাভ করে। তাই অভিভাবকদের শুধু শিক্ষিত নয়, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবেশ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমাজ এবং যুব সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি আধুনিক, কর্মসংস্থানমুখী, পরিবেশবান্ধব ও মানবিক ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।
ময়মনসিংহ জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিকালক হারুন অর রশিদ, প্রতিজ্ঞা যুব সংঘ এর সভাপতি মামুন মিয়াসহ বিভিন্ন এলাকার যুব সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে প্রতিজ্ঞা যুব সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।





