বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ আমলের মতো কথায় কথায় মেগা প্রকল্প নিয়ে জনগণের অর্থ লোপাট করার সংস্কৃতি আমরা বন্ধ করেছি। আমরা মেগা প্রকল্প করতে চাই না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের জনগোষ্ঠির উন্নয়ন ঘটবে। তৃণমূল, ক্ষুদ্র জাতি গোষ্ঠির উন্নয়ন ঘটবে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠির জন্য ১০০ কোটি টাকার তহবিলকে ২০০ কোটি টাকায় পরিণত করেছে।

রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুবাস চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল বিপুল হাজং, মহিলা বিষয়ক সম্পাদিকা শুভ্রা পানথ্র, ধোবাউড়া উপজেলার সংগঠনের চেয়ারম্যান স্যামুয়েল চিরান, সেক্রেটারি জেনারেল সবিতা থিগিদি, হালুয়াঘাট উপজেলার সংগঠনের চেয়ারম্যান সুব্রত রেমা, মুক্তাগাছা চেয়ারম্যান হিউবার্ট আর মৃসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘বৈচিত্র্েয ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে নিজ নিজ জাতিগোষ্ঠীর নামে আত্মপরিচয়ের মাধ্যমে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান, পৃথক আদিবাসী উন্নয়ন অধিদপ্তর দ্রুত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, আদিবাসীদের কল্যাণ ও জরুরী সহায়তায় ইন্ডিজিনিয়াস এন্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন, ভূমি অধিকার সংরক্ষণে ভূমি কমিশন গঠন, আদিবাসী জনগোষ্ঠির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করাসহ সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবি জানানো হয়।






