যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর বাসপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার কামরুল হাসান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পৃথকভাবে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠনের আহ্বানও জানান তারা।
.jpg)
দিবসটি উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।








