গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ শাখার উদ্যোগে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ময়মনসিংহ শাখা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহা. শামছুল হুদা চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জোন কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল জলিল।

বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ, তালতলা মাখজুমুল উলুম মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ ইবনে হাফেজ্জি, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি মোয়াজ আহমেদ, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক, কাঠগোলা জামে মসজিদের ইমাম মুফতি নাজমুল হক ও গাঙিনাপাড় মসজিদুল আমানের ইমাম মাওলানা পিয়ার মাহমুদ।সভা পরিচালনা করেন এভিপি সারোয়ার আলম।

সভায় বক্তারা বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে হলে হালাল ব্যবসা, ন্যায় ভিত্তিক লেনদেন, আমানতদারিতা এবং শরিয়াহ সম্মত ব্যাংকিং ব্যবস্থাকে সমর্থন করতে হবে। এজন্য শুধু ব্যক্তিগত কল্যাণের জন্য নয়, বরং সমাজ, দেশ ও আগামী প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকিং ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করেন বক্তারা।

সভায় ময়মনসিংহ জেলা ও মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, উলামা ও মশায়েখগণ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এরআগে দুপুরে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার সামনে ক্যাসলেস ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহা. শামছুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার যুগ্ম পরিচালক আনোয়ারুল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান আনিসুর রহমান ও জোন কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল জলিল।

প্রধান অতিথি ফিতা কেটে ক্যাসলেস বাংলা কিউআরকোট উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 'ব্যবসায় লেনদেনে আনুন গতি, বাংলা কিউআর হলো নতুন পদ্ধতি' এবং ইসলামী ব্যাংকে আসুন, বাংলা কিউআর নিন' লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রা করা হয়।





