জেলার সদর উপজেলার সিরতা চর বাজার থেকে কাইক্কামারী বাঁধ পর্যন্ত অতিগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বিন্যাস ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় পুনর্নির্মিত এ রাস্তার ফলক উন্মোচন করেন, সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
গ্রামীণ সড়কের পুনর্বিন্যাস এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কাটায় উচ্ছ্বাস প্রকাশ করে কৃষক আবুল হোসেন বলেন, আগে মাত্র ৩ থেকে ৪ শত মিটার রাস্তার জন্য প্রায় ৫ কিলোমিটার ঘুরে বাজারে আসতে হইতো। এহন সবজি ঠিকমতো বাজারে নিবার পামু।
উপজেলা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, ‘আমরা চাই চরের মানুষ শহরের মতো সব সুযোগ-সুবিধা পাক, দীর্ঘদিন এখানে কোনো উন্নয়ন ছোঁয়া ছিল না। আমাদের সরকার আসার পর এমপি সাহেবের মাধ্যমে চরাঞ্চলের সকল রাস্তাঘাট, স্কুল-কলেজের অভূতপূর্ব উন্নয়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উদ্বোধন শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘চরাঞ্চলের অবহেলিত ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণের লক্ষ্যেই এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে সংসদ সদস্যের কাছে তাদের বিভিন্ন দাবি ও সুখ-দুঃখের কথা তুলে ধরেন।




