ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। জামালপুর কমিউটার নামক ট্রেনটি জামালপুর থেকে ঢাকা আসার সময় এ সমস্যা হয়।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি বিকল হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হওয়া কমিউটার ট্রেনটিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনে নিয়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে মশাখালী-কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেন দুটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে ইঞ্জিন বিকলের কারণে জামালপুর কমিউটার ট্রেনটি বর্তমানে কাওরাইদ রেলওয়ে স্টেশনে রয়েছে। রিলিফ ইঞ্জিন এলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।






