ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের পরের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটরার কারণ এখনও জানা যায়নি। ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ঢাকা ও ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে যত দ্রুত সম্ভব লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কটিটি গঠন করা হয়েছে। তারা এই দুর্ঘটনার কারন অনুসন্ধানে কাজ করবে।







