ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘আদর্শনগর’ উপজেলা গঠনের প্রক্রিয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে|
মঙ্গলবার (৩০ জুন) কান্দিপাড়া বাজারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে আনন্দমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়|

পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম চমক ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন, আল আমিন জনি, লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াসিন খান, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কান্দিপাড়া বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান সুজন, পাগলা থানা জাসাসের আহ্বায়ক নাসির উদ্দীন এবং আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চল উন্নয়ন, সুশাসন ও আধুনিক প্রশাসনিক সেবার এক নতুন যুগে প্রবেশ করবে। বক্তারা আরো বলেন, ‘আদর্শনগর’ উপজেলা শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়; এটি এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রতীক। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বক্তারা এ মহতী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী শাহে আলম এবং গফরগাঁও উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপজেলা ও পাগলা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন| পরে কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল| এতে বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন|

নেতৃবৃন্দ জানান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত হওয়া মোহাম্মদ আক্তারুজ্জামানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- বিজয়ী হলে পাগলা থানাকে উপজেলা করা হবে| নিজের প্রতিশ্রুতি রাখতে তিনি কাজ করছেন| ‘'পাগলা’ থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ উপজেলা গঠনের প্রস্তাব করেন তিনি| সে মোতাবেক সরকার ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে|
জানা গেছে, গফরগাঁও উপজেলার পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে| প্রস্তাব অনুযায়ী, নতুন উপজেলার জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন, আয়তন ২৩৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার এবং উস্থি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় উপজেলা সদর স্থাপনের পরিকল্পনা রয়েছে|
এ খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়| কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া আনন্দমিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে|






