ময়মনসিংহের গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে জুনাইদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত জুনাইদ হোসেন (৩) ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মৃত শিশুর মা শিরিনা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঘরের কাজ করছিলেন। এ সময় জুনাইদ ফুটবল নিয়ে খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। তবে ফুটবলটি পানির স্রোতে ভেসে যেতে দেখেছেন এলাকার অনেকেই।
পূর্বদাপুনিয়া মহল্লার আবু জাফর মো. সাদেক জানান, ধারণা করা হচ্ছে ফুটবল খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। সেই ফুটবল আনতে গিয়ে শিশুটি দুর্ঘটনার শিকার হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলেও দেড় ঘণ্টায়ও আসেনি।
আব্দুর রাশিদ জানান, তিনিসহ এলাকার ৩০-৪০ জন খালে নেমে প্রায় দেড় ঘণ্টা পরে শিশুকে উদ্ধারের পর গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আকতার হোসেন জানান, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার আগেই মারা গেছে।







