ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর মানিকনগর বাজার এলাকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নারীদের কাবাডি প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ খেলায় অংশ নেয় জামালপুর ও ময়মনসিংহের দুটি দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন, যা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক।

এই প্রতিযোগিতায় জামালপুর দল ৫৬-৪৯ পয়েন্টে ময়মনসিংহ দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে দর্শকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন।

স্থানীয়রা জানান, এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে এবং নারীদের ক্রীড়া অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।







