ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| রবিবার (৫ জুলাই) ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও হলরুমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী| উদ্ভোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কয়েকটি গাছের চারা রোপন করেন|
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির আহবায়ক আকতারুল আলম ফারুক, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাদলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন| নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন| এ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়ায় এটি প্রথম সফর ছিল|
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন| আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ|
উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ২০২৪ সালের ২২ জানুয়ারী সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজ শুরু করে এমএসই-এমআরই(জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান| ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ২০২৬ সালের ৩০ এপ্রিল|
এলজিইডির উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, উপজেলা প্রকৌশল অফিস সার্বিক ভাবে কাজটি তদারকি করার ফলে নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ হয়েছে|






