বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দন্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়ার দাবি মামা বাড়ির আবদার। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যায় দন্ডিত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত দিতে হবে। কোনো দন্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়া যায় না।

তিনি সোমবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস । তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সৃষ্টি করেছে। এই জনগণ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না। তিনি প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এরা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মীদের প্রতি পাড়ায় মহল্লায় ফ্যাসিস্টদের দোসরদের গতিবিধি পর্যবেক্ষণ করে জনগণকে সাথে নিয়ে তাদের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।

শেখ হাসিনার কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা গণ অভ্যুত্থানের আগে বলেছিলেন, তিনি পালাবেন না। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আবার বলছেন, তিনি দেশে ফিরে আসবেন। অতীতে বহুবার প্রমাণ হয়েছে তিনি যা বলেন, বাস্তবে তার উল্টো কাজ করেন। তিনি ফিরবেন না, তবে ফিরে আসার কথা বলে তাদের পালাতক নেতাকর্মীদের গর্ত থেকে বের করে এনে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংহতি ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। এই দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা পুনর্জাগরণের ঐতিহাসিক অধ্যায়। বাংলাদেশে ২৬ মার্চ,১৬ ডিসেম্বরের মতোই ৭ নভেম্বর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। এই দিবসকে যারা ম্লান করতে চায়, তারা আধিপত্যবাদের দোসর, তারা দেশের সার্বভৌমত্বকে আধিপত্যবাদের খাঁচায় বন্দী রাখতে চায়। আওয়ামী লীগ ৭ নভেম্বরকে ভয় পায়, যে কারণে তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবারই ৭ নভেম্বর বাতিল করেছে। এবার জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকেই বাতিল করে দিয়েছে। তারা গণহত্যা চালিয়ে দুই সহস্রাধিক মায়ের বুক খালি করলেও ক্ষমা চাওয়া দূরের কথা, অনুশোচনা পর্যন্ত নাই, তাদেরকে জনগণ আর ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জনকে সুসংহত করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন আমাদের প্রধান দায়িত্ব। মানুষের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠন করছেন। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের শিক্ষা দেয়—সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও জনগণের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সকলকে জাতীয় সংহতি, গণতন্ত্র ও দেশের শান্তিপূর্ণ অগ্রযাত্রা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।










