ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় দক্ষিণ গফরগাঁও উপজেলার উন্নয়নের রূপকার, উত্তর-দক্ষিণ মহা-মিলনের প্রতীক, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে| শুক্রবার (৩ জুলাই) বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেয়া হয়|
গফরগাঁও উপজেলা সাবেক সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘পাগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা| নির্বাচনের আগে দেয়া আমার প্রতিশ্রুতি অনুযায়ী সেই দাবি আজ বাস্তবায়নের পথ সুগম হয়েছে|’

তিনি আরো বলেন, ‘শুধু উপজেলা নয়, এ পাগলা অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের সাথে ফোর লেন সড়ক, একাধিক ডাবল লেন সড়ক, দুই উপজেলায় দুইটি আধুনিক ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, একটি ডায়াবেটিক হাসপাতাল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কালচারাল সেন্টার, শিল্পকলা অ্যাকাডেমি, সার্ভেয়ার ইন্সটিটিউট, শিক্ষা, ¯^াস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও প্রস্তাব করা হয়েছে| এসব প্রকল্প বাস্তবায়িত হলে ‘দক্ষিণ গফরগাঁও’ অঞ্চলের যোগাযোগ, শিক্ষা, ¯^াস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে|’
সংবর্ধিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘গফরগাঁওয়ের দক্ষিণ-উত্তর বলতে কোনো বিভেদ থাকবে না, আমরা সবাই এক| আগামীতে এই দুই উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও শান্তিময় মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য|’
গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারি, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো: খুররম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন এবং সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানা প্রমুখ| এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন|
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়|
সংর্ধনা শেষে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ অনুমোদনের আনন্দে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়| মিছিলটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এ সময় রং বেরংয়ে সজ্জিত অংশগ্রহণকারীরা নতুন উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন| ব্যানার, ফেস্টুন, আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা|
এর আগে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়| এর মাধ্যমে জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সাথে যুক্ত হলো নতুন ১৪ তম উপজেলা|






