শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইলে নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চর উত্তরবন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজনের উদ্দেশ্যে বলেন, ‘চরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে একটি আধুনিক ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারাবদ্ধ। নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথকে আরও প্রশস্ত করবে এবং এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নান্দাইল-এর অধীনে নির্মিত এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাবিরা খান, চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের পর প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটান এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা এবং শিক্ষকমন্ডলী প্রতিমন্ত্রীর এই উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। এরপূর্বে তিনি চরবেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার পরির্দশন,পারিবারিক কবরস্থান জিয়ারত ও একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।







