ময়মনসিংহের তারাকাদায় দেড় হাজার পিস ভারতীয় কম্বলসহ চার চোরাকারবারি আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে তারাকান্দায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলো- ময়মনসিংহের মো. ইব্রাহিম খন্দকার (৩০), মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. রিপন (৪৮) এবং নওগা জেলার মো. জেমস (৩০)। শুক্রবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার তারাকান্দা উপজেলার কোদালধর বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান চালানো হয়। এসময় চার চোরাকারবারিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে অবৈধ ভারতীয় কম্বল থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যান তল্লাশি করে সীমান্ত পার করে আনা ৮৩৫ পিস অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়।
সেই সাথে তারা জানায়, ভারতীয় কম্বল বোঝাইকৃত আরো একটি গাড়ী তারাকান্দায় প্রবেশ করছে। পরে সকাল এগারোটার দিকে ঐ গাড়ীটিকে ধাওয়া করলে জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া খাদ্য গুদামের সামনে রেখে চোরাকারবারি মতিউর রহমান খান সোহাগ (৩১) এবং মো. রাকিবুল হাসান (৩২) কৌশলে পালিয়ে যায়। ঐ গাড়ীটি তল্লাশি করে ৬৮৯ পিসসহ মোট ১ হাজার ৫২৪ পিস অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৪৬ হাজার টাকা।
চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চল থেকে চোরাই পথে ভারতীয় কম্বল দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল। আলামতসহ তাদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।


.jpeg&w=3840&q=75)




