ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নাশকতা পরিকল্পনার অভিযোগে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ৬ সদস্যেকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের চলমান তৎপরতার অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কতিপয় ব্যক্তির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হওয়ার সংবাদ পাওয়া যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মিছিলে অংশগ্রহণের অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ৬ (ছয়) জন কিশোরকে আটক করে।

আটককৃতদের পরিচয়
১। মাহমুদ মুক্তাদির (১৬), পেশা: দশম শ্রেণির ছাত্র, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
২। সাকিবুল হাসান (১৭), পেশা: মোবাইল সার্ভিসিং, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
৩। ইয়াসিন আরাফাত (১৬), পেশা: ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিসিং, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
৪। মোঃ রোমান (১৫), পেশা: বাসের হেলপার, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
৫। সানজিদুল হাসান রিহান (১৪), পেশা: নবম শ্রেণির ছাত্র, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
৬। সানজিদ (১৬), পেশা: জুতার দোকানের সেলসম্যান, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ।
প্রাথমিক অনুসন্ধান ও অর্থ লেনদেনের তথ্য
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে উক্ত মিছিল আয়োজন করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
মিছিলে অংশগ্রহণের জন্য আটককৃত প্রত্যেককে ১০০ (একশত) টাকা করে প্রদান করা হয়েছে মর্মেও প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান প্রদান করে বলে জানা যায়।
উক্ত অর্থের প্রকৃত উৎস, অর্থ সরবরাহকারী ও মিছিলের আয়োজকদের পরিচয়, অর্থ লেনদেনের উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে আরও কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পাশাপাশি আটককৃতদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, মিছিলের নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না এবং পলাতক ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পুলিশের কঠোর অবস্থান
ময়মনসিংহ জেলায় যেকোনো ধরনের নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার বেআইনি প্রচেষ্টা প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।







