হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে পারস্য উপসাগরে প্রায় এক হাজার ৫০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়েছেন| বৃহস্পতিবার (৭ মে) জাতিসঙ্ঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এ তথ্য জানিয়েছে|
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ তেহরানকে অঞ্চলজুড়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ সৃষ্টি করতে উস্কে দিয়েছে|
আইএমও-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় এক হাজার ৫০০ জাহাজ আটকা পড়েছে|’ তিনি জানান, বিশ্বে মোট ব্যবহৃত পণ্যের ৮০ শতাংশেরও বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়|
শিল্প নির্বাহী ও আইএমও প্রতিনিধিদের এক সমাবেশে ডোমিঙ্গেজ বলেন, আটকে পড়া নাবিকরা ‘নির্দোষ মানুষ, যারা প্রতিদিন অন্যান্য দেশের স্বার্থে কাজ করছেন| কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন|’
সূত্র: মিডল ইস্ট আই





