অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের (এনএসডব্লিউ) ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে ক্যামডেন সিটি কাউন্সিল কক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন।

এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এলিজা আজাদ ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটি। এলিজার এই বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়াড় বইছে। বিজয়ের খবরে বাংলাদেশী কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসিরা এলিজাকে অভিনন্দন জানান।
রহমাতউল্লাহ জানান, এলিজার এই বিজয়ে নানা জাতি বর্ণ অথ্যাৎ মাল্টিকালচারাল দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ায বসবাসকারি বাংলাদেশি প্রজন্মের মধ্যে মেইনস্ট্রিম কর্মকান্ডসহ রাজনীতিতে প্রবেশে উৎসাহ যোগাবে বলে জানান তিনি।

এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক। এই যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার কথা জানালেন এলিজা আজাদ। তিনি বলেন, তা ছাড়া বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তিনি পেয়েছেন। তারা তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরতে, সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল ও মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র : নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া।







