ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত রাব্বী বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র। সে মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিন পাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টোর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিল। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র সহ এসে হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বী দৌড়ে একটি দোকানের ভিতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন,আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার উপর প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। এখানে শত শত মানুষ দাড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।







