ময়মনসিংহে বিশেষ অভিযানে বিদেশী পিস্তলসহ আলী হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব| শুক্রবার (৩ জুলাই) রাত ১০টার দিকে নগরীর বলাশপুর হাক্কানীর মোড় থেকে তাকে আটক করা হয়| সে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা| শনিবার সকালে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
র্যাব ১৪-এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বলাশপুর হাক্কানীর মোড় এলাকায় চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় র্যাব| এসময় এক পথচারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়| পরে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে আমেরিকান একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়| আটক ঐ ব্যক্তি উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানায় র্যাব|
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে তিনি নিজের কাছে রেখেছিলেন| আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে| এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি|






