চলতি বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হলো সেন্ট্রাল আমেরিকার দেশ পানামার।
কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের এই ম্যাচে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক বদলি খেলোয়াড় আন্তে বুদিমির। এই ম্যাচটি ক্রোয়াট মহাতারকা লুকা মদ্রিচের ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় জয়টি দলটির জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।
ম্যাচের শুরু থেকেই দুই দল মধ্যমাঠে শারীরিক ফুটবল খেলায় মেতে ওঠে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারা ক্রোয়েশিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও পানামার হাই-প্রেসিং ফুটবলের সামনে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। মদ্রিচ ও কোভাচিচকে বোতলবন্দী করে রেখেছিল পানামার ডিফেন্ডাররা।
উল্টো ২৩ মিনিটে প্রথম ভালো সুযোগটি পেয়েছিল পানামাই। হোসে লুইস রদ্রিগেজের একটি জোরালো হেড দুর্দান্ত দক্ষতায় ক্রসবারে ঠেকিয়ে ক্রোয়েশিয়াকে রক্ষা করেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
প্রথমার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পেরে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ। জোসকো গভায়র্ডিল এবং পেতার মুসাকে তুলে মাঠে নামানো হয় আন্দ্রে ক্রামারিচ ও আন্তে বুদিমিরকে। কোচের এই কৌশলগত পরিবর্তন ফল দিতে বেশি সময় নেয়নি।
ম্যাচের ৫৪ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত থেকে মার্কো পাশালিচের একটি দারুণ ব্যাকহিল ধরে জোসিপ স্টানিসিচ বক্সের ভেতর চমৎকার ক্রস বাড়ান। নিখুঁত টাইমিংয়ে দৌড়ে এসে দূরের পোস্টে থাকা বুদিমির বল জাল পাঠাতে কোনো ভুল করেননি (১-০)।




