ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আলোচিত কলেজছাত্র রবিন হত্যায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ ইউসুফের হাতে স্মারকলিপি তুলে দেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন ও মা শান্তা বেগম। এ সময় স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, রবিন হত্যার পর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ রহস্যজনক কারণে কাউকে গ্রেপ্তার করছে না। ফলে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
রবিনের মা শান্তা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। প্রধানমন্ত্রী গরিবের মা-বাপ, জনদরদি নেতা। যারা আমার বুকের ধন কাইড়া নিছে, আমার সন্তানরে খুন করছে, আমি তাদের ফাঁসি চাই।’ রবিনের বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার একটাই ছেলে ছিল। যারা আমার ছেলেকে নৃশংসভাবে মারল, তাদের ফাঁসি চাই।’
গত ৯ জুন দিবাগত রাত পৌনে একটার দিকে পৌর শহরের বউ বাজার এলাকায় নিজের জন্মদিন পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিন। পথে মাজার বাড়ি সড়কে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গফরগাঁও থানার উপপরিদর্শক মো. নূরুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত কাজ চলছে।
ঘটনার পর থেকে আসামিরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।







