প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দল| আগামী ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে বালক বিভাগে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে নান্দাইলের আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়|
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়সহ টুর্নামেন্টের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেওয়ায় দুই দলের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে| ময়মনসিংহ জেলার ক্রীড়াঙ্গনেও এ সাফল্য নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে|

জাতীয় ফাইনালকে সামনে রেখে বুধবার ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান দুই দলের খেলোয়াড়, কোচ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন| জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ের ফাইনালে সর্বোচ্চ দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শনের আহ্বান জানান|
জেলা প্রশাসক বলেন, “জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ জেলার বালক ও বালিকা উভয় দলের অংশগ্রহণ জেলার জন্য অত্যন্ত গৌরবের বিষয়| শিশুদের এই অর্জন প্রমাণ করে যে, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম| আমি আশা করি, তারা ফাইনাল খেলায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করবে এবং জেলার সুনাম আরও উজ্জ্বল করবে|”
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস ˆতরি হয়, যা ভবিষ্যৎ জীবনে সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে|
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া প্রশিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন| এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়| জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ জেলার বালক ও বালিকা উভয় দলের অংশগ্রহণ জেলার ক্রীড়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে| আগামী ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে জেলার দুই দলই সাফল্যের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে| ময়মনসিংহবাসী আশাবাদী, তাদের ক্ষুদে ফুটবলাররা দেশের সর্বোচ্চ পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে জেলার জন্য নতুন গৌরব বয়ে আনবে|




