ইরানি বন্দরে মার্কিন অবরোধ লঙ্ঘন কোনোভাবেই ‘সহ্য করা হবে না’ বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
অন্যদিকে, পারস্য উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাণিজ্যিক জাহাজগুলোর অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলা উচিত। তিনি স্পষ্ট করেন, মার্কিন অবরোধ লঙ্ঘন এবং ইরানের তেল অবৈধভাবে পরিবহন করা কোনোভাবেই বরদাশত করা হবে না। মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, ওমান উপকূলে হরমুজ প্রণালি অবরোধের মাঝে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার বিষয়ে তিনি মার্কো রুবিও’র কাছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় আমি ভারতের তীব্র প্রতিবাদের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজে এই ধরনের মারাত্মক সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই হামলার প্রতিবাদে ভারত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে।মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, ইরানের তেল পরিবহনের চেষ্টা করায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এম/টি জলবির’ এবং পালাউয়ের পতাকাবাহী ‘এম/টি মারিভেক্স’ ও ‘এম/টি সেত্তেবেলো’ নামের তিনটি তেলবাহী ট্যাংকারকে তারা অচল করে দিয়েছে।




