হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন| এ ঘটনায় নিখোঁজ ২০ পর্বতারোহীর সন্ধান করছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ|ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়| এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের কুণ্ডালি আকাশে ছড়িয়ে পড়ে|
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বলেছেন, অগ্ন্যুৎপাতে আটকা পড়া ২০ জন পর্বতারোহীর সন্ধানে তারা পুলিশসহ কয়েক ডজন কর্মী মোতায়েন করেছেন| তিনি জানান, নিহত পর্বতারোহীদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের বাসিন্দা|
উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, দুই বিদেশীসহ তিনজন নিহত হয়েছেন| এর আগে, বিজ্ঞানীরা আগ্নেয়গিরির তৎপরতা লক্ষ্য করার পর গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছিল|
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির কেন্দ্রস্থল মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে কমপক্ষে চার কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে|
সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছে| মাউন্ট ডুকোনো একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি এবং গত মার্চ মাস থেকে এখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে| সূত্র: আল জাজিরা




