ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে| নিহত খালেকুল আজাদ উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে| তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন|
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় তিনি নিজ গ্রামে একটি মসজিদের নির্মাণকাজ তদারকি করছিলেন| এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন| স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্থানে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন|
এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে| নিহত সিয়াম ওই গ্রামের লামকাইন হাজী বাড়ির জনাব রুকুন উদ্দিনের ছেলে|




