ময়মনসিংহের নান্দাইলে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের না জানিয়ে মিছিল করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসু।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে তিনি দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন।

স্থানীয় যুবদল সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়া সত্ত্বেও জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসু সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবকে নিয়ে জেলার মূল কর্মকাণ্ড ফেলে রেখে অজ্ঞাত কারণে নান্দাইল উপজেলার একটি ইউনিয়নে আসেন। সেখানে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়া কিছু বিতর্কিত লোকজনকে সাথে নিয়ে তিনি একটি মিছিল বের করেন। এছাড়া মিছিলের জন্য অন্য উপজেলা থেকেও কিছু লোকবল ভাড়া করে আনা হয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে নান্দাইল উপজেলা ও তৃণমূল পর্যায়ের যুবদল নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। মিছিল শেষে ফেরার পথে চৌরাস্তা এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা জেলা সভাপতির পথ আটকে দেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ধানের শীষের বিরোধিতাকারীদের সাথে নিয়ে জেলা সভাপতি কেন নিজের জেলার কর্মসূচি ছেড়ে নান্দাইলে আসলেন এবং কেন স্থানীয় উপজেলা যুবদলের কাউকে না জানিয়ে এই অসাংগঠনিক আচরণ করলেন—তা তাদের বোধগম্য নয়।
উপস্থিত নেতাকর্মীরা জেলা সভাপতিকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় শত শত নেতাকর্মী তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে জেলা সভাপতি শামসুল হক শামসু ও তার সাথে আসা অন্যান্য নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তৃণমূলের নেতাকর্মীদের এড়িয়ে বিতর্কিতদের নিয়ে এমন আকস্মিক শো-ডাউন করার এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও যুবদলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।







