সব মানুষের জীবনকেই কি ভৌগলিক সীমারেখায় বেঁধে ব্যাখ্যা করা যায়? যায় না বোধহয়! তবু কিছু স্থান-কাল মানুষের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে মানুষটিকে আরও কাছ থেকে বুঝতে হলে ফিরে যেতে হয় সেই মাটির কাছে। তার ধুলো-মাটি, জল-হাওয়া, লোকজীবন আর বিস্মৃতপ্রায় স্মৃতির কাছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বুঝতে গিয়েও তেমন এক ফিরে দেখা জরুরি। বাংলা সাহিত্যের আকাশে যিনি আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো। যাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, যাঁর কবিতায় প্রেম ও বিদ্রোহ পরস্পরের হাত ধরেছিল—তাঁর জীবনেও এমন কিছু ভৌগোলিক সফরের স্মৃতি রয়েছে, যাদের কথা বলতে গেলে ইতিহাসের ‘গম্ভীর’ বয়ান খানিক থেমে যায়, কান পাততে হয় মাটির নিজস্ব ভাষায়।
ময়মনসিংহের ত্রিশাল তেমনই এক জায়গা যা কবি নজরুলের জীবনে নানাভাবেই প্রভাব রেখেছে। এখানে নজরুল কবি হয়ে আসেননি। এসেছিলেন এক কিশোর হিসেবে। সামনে ছিল অনিশ্চিত জীবনের দীর্ঘপথ। ত্রিশালযাপনের মধ্যদিয়ে তিনি তৎকালীন পূর্ববঙ্গের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে প্রথম জানতে পারেন। কে জানত এই কিশোরের নাম একদিন বাংলা ভাষার সবচেয়ে দুর্দম উচ্চারণগুলোর একটি হয়ে উঠবে! আজ এত বছর পর ‘ত্রিশালে নজরুলের স্মৃতির’ পথে হাঁটতে হাঁটতে তাই শুধু নজরুলের স্মৃতিচিহ্ন খুঁজলে চলে না, খুঁজতে হয় সেই সময়ের সেই কিশোরের স্পন্দন, কিশোরের বেড়ে ওঠার অনুষঙ্গ, আর ত্রিশাল কীভাবে ধারণ করে রেখেছে তার ইতিহাসের এক উজ্জ্বল অথচ বহুমাত্রিক অধ্যায়। কারণ, নজরুলকে ফিরে দেখা মানে কেবল একজন কবিকে স্মরণ করা নয়, তার সময়কেও নতুন করে পাঠ করা।
তিনি নিজেও বিভিন্ন বয়সে ত্রিশালের স্মৃতি স্মরণ করেছেন। তেমনই তাঁর রচিত এক গল্প ‘অগ্নিগিরি’! আমরা এই লেখায় অগ্নিগিরি গল্পকে কেন্দ্র করে কিশোর নজরুলের ত্রিশাল ভ্রমণ করব।
‘অগ্নিগিরি’ গল্পের পটভূমি ও বাস্তব ত্রিশাল:
আগেই বলেছি, ‘অগ্নিগিরি’ ছোটগল্পটির প্রেক্ষাপট হলো ত্রিশাল। গল্পটিতে সরাসরি উল্লেখ রয়েছে ‘ত্রিশালের মাদ্রাসা’, ‘গফরগাঁও-এর জমিদারের হাতি’ এবং ‘ময়মনসিংহের হাসপাতাল’-এর মতো বাস্তব অনুষঙ্গ। নজরুল তাঁর এই গল্পে যে ‘বীররামপুর’ গ্রামের চিত্র এঁকেছেন, তা মূলত বাস্তব জীবনের ‘দরিরামপুর’ গ্রামকেই নির্দেশ করে।
বাস্তবতার সঙ্গে গল্পের এই মেলবন্ধন আরও স্পষ্ট হয় ভৌগোলিক অবস্থানের বর্ণনায়। নজরুল ত্রিশালে থাকাকালীন শেষপর্যন্ত নামাপাড়ার বিচ্যুতিয়া ব্যাপারীবাড়িতে জায়গির ছিলেন। এই বাড়ির ঠিক পাশের গ্রামটি হলো ছলিমপুর। ছলিমপুরের মানুষজন বিচ্যুতিয়া ব্যাপারী বাড়ি পেরিয়ে এবং একটি বটগাছ অতিক্রম করে দরিরামপুর বাজারে যাতায়াত করতেন। এই বাস্তব ভৌগোলিক চিত্রটিই গল্পে মিলেমিশে একাকার হয়ে আছে।
কৈশোরের স্মৃতি ও নজরুলের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি:
ত্রিশালের মাটিতে পা রাখার সময় কাজী নজরুল ইসলামের বয়স চৌদ্দ কি পনেরোর কাছাকাছি। এই বয়সে পৃথিবীকে দেখার চোখ তৈরি হয়। নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু জীবন তখনো নজরুলের জন্য স্থির কোনো আশ্রয় সাজিয়ে রাখেনি। পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে আসা, নতুন মানুষের সংসারে জায়গা করে নেওয়া, এক আশ্রয় ছেড়ে অন্য আশ্রয়ে যাওয়া-এই ছিল তাঁর ত্রিশাল জীবনের বাস্তবতা। পরে যে মানুষটি বাংলা সাহিত্যে বিদ্রোহের এক অনন্য ভাষা হয়ে উঠবেন, তাঁর কৈশোরের দিনগুলোতেও কি সেই স্বাধীনচেতা সত্তার কোনো আভাস ছিল?
প্রশ্নটি আরও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে নজরুলের ‘অগ্নিগিরি’ গল্পের কাছে গেলে। গল্পের চরিত্র, সম্পর্ক ও ঘটনাপ্রবাহের সঙ্গে কবির ত্রিশাল-জীবনের কিছু সম্ভাব্য যোগসূত্র খুঁজে পাওয়া যায়। সেখানে উঠে এসেছে সবুর, নূরজাহান ও রুস্তমের প্রসঙ্গ। গল্পের ভেতরকার মানুষদের সঙ্গে নজরুলের বাস্তব জীবনের কোনো মানুষের মিল ছিল কি না, কিংবা কৈশোরের কোনো অভিজ্ঞতা গল্পের উপাদান হয়ে উঠেছিল কি না—এসব প্রশ্ন পাঠককে ফিরিয়ে নিয়ে যায় এক শতাব্দীরও বেশি আগের ত্রিশালে।







