সিউল (দক্ষিণ কোরিয়া), ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার: এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশন আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতা, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় সকাল ৯টায় সিউলের দ্য শিলা সিউল হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ( Lee Jae Myung) ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার চো জং-সিক ( Cho Jeong- sik) ,আইসিএপিপির স্থায়ী কমিটির চেয়ারম্যান চুং উই-ইয়ং (Chung Eui-Yong), আয়োজক কমিটির কো-চেয়ারপারসন ও ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টির নেতা কিম মিন-সক ( Kim Min-seok) এবং অপর কো-চেয়ারপারসন ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টির নেতা সং নিয়োগ জান (Song seog-jun)।

উদ্বোধনী অধিবেশনে আইসিএপিপির মহাসচিব ওহ সং ( Oh Song ) ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সংগঠনের সনদ সংশোধন এবং ১৩তম সাধারণ অধিবেশনের ব্যুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী এশিয়ার ৩৬ টি দেশের ৮৩ টি রাজনৈতিক দলের ২২৭ জন প্রতিনিধি এবং ২৮০ জন আইসিএপিপির সম্মেলনে অংশ নিচ্ছেন।
ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপার্সন নির্বাচিত
বিএনপির প্রতিনিধিদলের নেতা দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। তিনি আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য রাখেন।

সম্মেলনে ইসমাইল জবিউল্লাহর বক্তব্য
সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। গণতন্ত্র কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়; এটি জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একটি সামাজিক চুক্তি। এর ভিত্তি হতে হবে জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দেওয়া ম্যান্ডেটকে শুধু ক্ষমতা প্রয়োগের সুযোগ হিসেবে নয়, বরং জনগণের সেবা করার দায়িত্ব হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাত নয়, সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী।





-400x300.jpg&w=3840&q=75)





