২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ময়মনসিংহে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচিঝুলিস্থ আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় কর্মসূচির প্রথম দিনে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ৩৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভীন খানম।
অনুষ্ঠানে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’-এটি আমাদের ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট করার কারণে মাছের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জুবাইদা সাথী, বিএনপি নেতা আফজাল হোসেন হলুদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।






